খেলাধুলা

সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের যুবাদের

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ১৬:৫১

সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের যুবাদের

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের পেসারদের তোপে পড়ে বড় পরাজয় বরণ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে যুবা টাইগাররা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসার রিজওয়ানুল্লাহর বোলিং তাণ্ডবে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২১.৫ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ৪ রানের মাথায় ওপেনার এস কে জারিফ সিয়ামকে (১) ফিরিয়ে প্রথম আঘাত হানেন পেসার মোহাম্মদ সায়াম।

এরপর দলীয় ২৫ রানে কাওসার আহমেদও (৯) সায়ামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
শুরুতে দুই উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে দারুণ লড়াই করেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি।

অধিনায়ক ফরিদ হাসানকে (১৭) সাথে নিয়ে তিনি প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। মুহি ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। তবে দলীয় ৬৮ রানে ফরিদ হাসান এবং পরের ওভারেই আহসান আল মুহিন (১) আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৯৮ রানে অর্ধশতক করা মুহি ফিরে গেলে বড় সংগ্রহের সব আশা শেষ হয়ে যায়।

মাঝের সারিতে আল রাফি (২০) এবং লোয়ার অর্ডারে রাকিবুল হোসেন (২৬) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা দলের রান দেড়শ পার করার জন্য যথেষ্ট ছিল না। শেষ দিকে রিজওয়ানুল্লাহর গতির ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ১১১ থেকে ১৩৮ রানের মধ্যেই শেষ ৫টি উইকেট হারায় বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ডানহাতি পেসার রিজওয়ানুল্লাহ। তিনি ৮ ওভার বল করে মাত্র ৩০ রান খরচায় একাই শিকার করেন ৫টি উইকেট। এছাড়া মোহাম্মদ সায়াম ২টি এবং আলী রাজা, হাসনাইন আব্বাস দার ও আহমেদ হুসেন ১টি করে উইকেট লাভ করেন।

জবাবে ১৩৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও হয় পাকিস্তানি ওপেনাররা। উসমান খান ও হায়াম খানের দায়িত্বশীল ও ঝোড়ো ব্যাটিংয়ে অনায়াসেই জয়ের পথ তৈরি করে পাকিস্তান। হায়াম খান ৭২ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৯ রান করে রবিউল হাসান অনিকের বলে আউট হলেও দলের জয়ে কোনো সমস্যা হয়নি।

উসমান খান অপরাজিত থেকে ৫৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৪ এবং আবদুল কাদির ৮ রান করে অপরাজিত থেকে দলকে ২১.৫ ওভারেই ১ উইকেটে ১৪১ রানে পৌঁছে দেন। ফলে ৯ উইকেটের সহজ জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। 

খেলাধুলা থেকে আরো পড়ুন