ছবি: সংগৃহীত
চলমান যুব এশিয়া কাপের সেমিফাইনালের সূচি চূড়ান্ত হয়েছে। সেরা চার দল হিসেবে জায়গা পেয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত। আগামীকাল (১২ নভেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ১৪ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল।
বৃহস্পতিবার একই সময়ে (সকাল ১১টা) আল আমিরাতে পাশাপাশি দুই ভেন্যুতে মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। এক সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। অন্য সেমিফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়বে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
এর আগে গ্রুপপর্বে বাংলাদেশ ৩ ম্যাচের দুটিতে জয় পায়। যদিও তাদের শুরুটা হয়েছিল আফগান যুবাদের কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হেরে। ২৩২ রানের লক্ষ্য তাড়ায় ফরিদ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ স্রেফ ১১৮ রানে গুটিয়ে যায়। এরপর শ্রীলঙ্কাকে ৪৫ এবং মালয়েশিয়াকে ২০৫ রানের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করে।
সর্বশেষ দুই ম্যাচে ৮২ ও ১৫২ রান করা বাংলাদেশের ব্যাটার আহসান মুমিন সেমিফাইনাল ম্যাচের আগে বলেন, ‘আমার ক্রিকেটে আসার পেছনে সবচেয়ে বড় অবদান বাবার। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আমি ভালো ক্রিকেটার হব। বাসার পেছনে নেট আছে, সেখানে বাবা নিজেই আমাকে বল থ্রো করেন। সব সময় পাশে থেকেছেন। তার কারণেই আজ এতদূর আসতে পেরেছি।’
‘শহীদ আফ্রিদিকে ভালো লাগে। এ ছাড়া তাওহীদ হৃদয়ের ৩৫০, আর ২৪২ রানের ইনিংসের হাইলাইট দেখে অবাক হয়েছি যে এত বড় ইনিংসও খেলা যায়। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’
খেলাধুলা থেকে আরো পড়ুন