সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন অভিযান ও বিশেষ কার্যক্রমে এক মাসে মোট ৬৫১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। নগরীর ছয়টি থানার আওতাধীন এলাকায় পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে নিয়মিত মামলায় ১৯৫ জন, ওয়ারেন্ট তামিলের মাধ্যমে ১১৮ জন এবং প্রসিকিউশন দাখিলের মাধ্যমে ২৭১ জনসহ বিভিন্ন অভিযান, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা ও বিশেষ কার্যক্রমে সর্বমোট ৬৫১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে উদ্ধার করা হয়েছে ৫৮২ পিস ইয়াবা, ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯০৮ বোতল ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৯৪ বোতল বিদেশি মদ, ৪০ বোতল কোডেন পোস পেইড সিরাপ এবং ২৫ বোতল ফেয়ারডিল (FAIRDYL)।
এছাড়া চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩৫ হাজার ৮২২ কেজি টমেটো, ৩০৩ পিস কম্বল, ২৯ পিস শাড়ি, ৬৪০ প্যাকেট ওয়েফার, ৪৭৪টি রেড ব্লু এনার্জি ড্রিংকস, ১৯০টি বয়াম হরলিক্স, ৩০০ প্যাকেট লবণ, ২ বস্তা সাইট্রিক অ্যাসিড, ২ কার্টন ফেসওয়াশ, ৩০ কার্টন সিরাম, ১০ কার্টন ফেসক্রিম, ১৫০ বোতল তেল, ৪০ বক্স চকলেট, ৩০ প্যাকেট কিসমিস, ৪০ পিস সাবান, ৮০ পিস রাইস ফেসওয়াশ, ৩০০ কেজি জিরা, ২ হাজার ৬৪০ পিস জুস, ৬২০ প্যাকেট ফুচকা এবং ৫ হাজার ৮৫০টি মেন্টস রোল।
পুলিশের তথ্যমতে, উদ্ধারকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮২ লাখ ১৮ হাজার ৩৫৭ টাকা।
সিলেট মহানগরীতে অপরাধ দমন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
সিলেট থেকে আরো পড়ুন