সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ভোর ও সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় এসআই (নিঃ) নাঈমুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গত ৮ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের মহেষখেড় এলাকায় রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের পেছনে একটি খালি জায়গায় গোপন বৈঠক হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ফরহাদ আহমদ (১৯) ও ৪ নম্বর আসামি রাজু ইসলামকে (১৬) গ্রেফতার করা হয়।
পরবর্তী সময়ে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আরও দুই আসামি ফারুক আহমদ (৫৯) ও আলী হোসেনকে (৩৪) গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের তাহের উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ এবং একই গ্রামের সোনাফর আলীর ছেলে রাজু ইসলাম। অপর দুজন হলেন গোয়াইনঘাট উপজেলার খাস বারহাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে ফারুক আহমদ ও নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা নম্বর ১১ (তারিখ: ১১ নভেম্বর ২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এ মামলায় গ্রেফতার হওয়া চারজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন