হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবেদ আলী নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর ও তেঘরিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবেদ আলীকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্ত আবেদ আলী মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের ছায়েব আলীর ছেলে।
অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিলেট থেকে আরো পড়ুন