সিলেট নগরীতে ঝটিকা মিছিলের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন সক্রিয় কর্মীকে আটক করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি কাঠের বাটাম উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, কাঠের বাটাম, ইটের টুকরো ও ককটেল তৈরির সরঞ্জামের অংশবিশেষ উদ্ধার ও জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে নগরীর খরাদিপাড়া এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগীরা সরকারের বিরুদ্ধে ঝটিকা মিছিল নিয়ে বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দিকবিদিক ছুটে পালানোর চেষ্টা করেন। পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। আটকের সময় প্রত্যেকের ডান হাতে একটি করে কাঠের বাটাম ছিল।
ঘটনাস্থল থেকে চারটি বাঁশের লাঠি, আটটি কাঠের বাটাম, ১৫টি ইটের টুকরো, একটি পোড়া টায়ারের অংশ, টায়ার পোড়ানোর ছাই, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ হিসেবে কয়েকটি কার্ডের টুকরো এবং ককটেল তৈরিতে ব্যবহৃত একটি বিস্ফোরিত টিনের কৌটাবিশেষ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের মোবাইল ফোনে দেওয়া নির্দেশনায় মামুন প্রকাশ বুলেট মামুন (২৫) ও সাজন আহমদের নেতৃত্বে তারা ওই মিছিলে অংশ নেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মো. মহিন উদ্দিন (১৯), মো. মাহিন মিয়া (২০) ও মকবুল হোসেন নাহিদ (২০)। তাদের সবার বাড়ি সুনামগঞ্জ জেলায়। তারা বর্তমানে সিলেট নগরীর শাহপরাণ থানাধীন বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে শাহপরাণ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন