সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ১৭:৫৬
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা, হয়রানিমূলক মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবর ও সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন কবি ও সাহিত্যিক, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক দেওয়ান মতিউর রহমান খান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, গণদাবি পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা আশিক চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম লাল, সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ (সিসকপ)-এর সাধারণ সম্পাদক কামরুল হাসান জুলহাস, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, বাসানী-ওসমানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বকুল, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান, মহানগর কৃষকদলের অর্থ সম্পাদক তফজ্জুল আলী এবং বায়ান্ন টিভির সিলেট প্রতিনিধি আব্দুল আহাদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানিমূলক মামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুণ্ডকে মিথ্যা মামলায় কনডেম সেলে রাখার অভিযোগ, শ্রীমঙ্গলে খোলা কাগজের অনুসন্ধানী প্রতিবেদক এহসান বিন মোজাহিদের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং নায়িকা পরীমনির বিতর্কিত মন্তব্যের মাধ্যমে সাংবাদিককে হেনস্তার প্রতিবাদ জানানো হয়।
বক্তারা নিহত সাংবাদিক সাগর-রুনি, সিলেটের তুরাব, নেত্রকোনার আলিফ, গাজীপুরের আসাদুজ্জামান তুহিন ও আনন্দ টিভির সুবর্ণা নদীসহ দেশজুড়ে সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
এ ছাড়া এসএ টিভির ভিডিও এডিটর, খবর টিভির সিলেট প্রতিনিধি এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবরের ছেলেকে টিলা কাটার সংবাদ প্রকাশের জেরে টিলাখেকো চক্র হয়রানিমূলক মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সিলেটসহ সারাদেশে সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ডেইলি মর্নিং অবজারভারের সিলেট ব্যুরোপ্রধান আব্দুল মুক্তাদির, দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, দৈনিক তৃতীয় মাত্রার সিলেট প্রতিনিধি রুহুল ইসলাম মিঠু, দৈনিক সরেজমিনের ব্যুরোপ্রধান তপন কুমার সাহা, সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সাজ্জাদ আহমদ সাজু, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম রিপন, সাপ্তাহিক বৈচিত্রময় সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেল, দৈনিক মুসলিম টাইমসের শহীদ আহমদ খান, জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক সালমান রশীদ, গণদাবি পরিষদের দপ্তর সম্পাদক সেলিম আহমদ, জাতীয় সাংবাদিক মঞ্চের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক শাহিন আলমসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
মানববন্ধনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এবং বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন একাত্মতা প্রকাশ করে।
গণমাধ্যম থেকে আরো পড়ুন