প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ১৬:৫৯
নির্মাণকাজ শেষ হয়েছে ১২ বছর আগে। আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ২০২৩ সালে। অথচ চিকিৎসাসেবা চালু ছিল মাত্র ১৫ দিন। এরপর থেকে কার্যত বন্ধ পড়ে আছে হবিগঞ্জের বাহুবল ট্রমা সেন্টার। ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত ১০ শয্যার এই প্রতিষ্ঠানটি এক যুগ পার হলেও পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা ভবন, শয্যা ও চিকিৎসা সরঞ্জাম পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১০ সালে ফিজিক্যাল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় দেশের ছয়টি মহাসড়কের পাশে ১০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের বাহুবলে ট্রমা সেন্টার নির্মাণ করা হয়। প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ২০১৪ সালে ভবন নির্মাণের কাজ শেষ হয়। পরে প্রয়োজনীয় শয্যা ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হলেও চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের অভাবে শুরু করা যায়নি চিকিৎসাসেবা।
দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পরও চালু হয়নি চিকিৎসা কার্যক্রম। পরে ২০২৫ সালের ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচল বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশে জেলার বিভিন্ন হাসপাতাল থেকে সাময়িকভাবে জনবল এনে ১৫ দিনের জন্য সেন্টারটি চালু করা হয়। ঈদ শেষে সংশ্লিষ্ট জনবল নিজ নিজ কর্মস্থলে ফিরে গেলে আবারও বন্ধ হয়ে যায় কার্যক্রম। এরপর স্থায়ীভাবে জনবল পদায়ন না হওয়ায় আর চালু করা সম্ভব হয়নি প্রতিষ্ঠানটি।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য কাছাকাছি বিশেষায়িত জরুরি চিকিৎসাকেন্দ্র না থাকায় তাঁদের হবিগঞ্জ, সিলেট কিংবা ঢাকায় পাঠাতে হয়। এতে চিকিৎসা পেতে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। বিশেষ করে অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীদের ক্ষেত্রে এই বিলম্ব প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে তোলে। অথচ বাহুবল ট্রমা সেন্টারটি চালু থাকলে দুর্ঘটনাকবলিত অনেক রোগীকে দ্রুত প্রাথমিক ও জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব হতো।
স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এতে অনেকে গুরুতর আহত হন, আবার কেউ কেউ প্রাণ হারান। দুর্ঘটনার পর আহতদের দ্রুত সিলেট কিংবা ঢাকায় পাঠাতে হয়। কাছাকাছি তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় অনেক রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। ট্রমা সেন্টারটি চালু থাকলে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হতো এবং অনেকের জীবন বাঁচানো যেত। এত টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে বছরের পর বছর বন্ধ ফেলে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আরেক স্থানীয় বাসিন্দা শিপন মিয়া বলেন, বছরের পর বছর জনস্বার্থসংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান বন্ধ পড়ে থাকলেও তা চালুর ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দৃশ্যমান তৎপরতা নেই। জনবল চেয়ে একের পর এক চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে সেন্টারটি চালুর কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এ অবস্থায় প্রশাসনের ভূমিকা ও দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে সম্প্রতি দেশের ট্রমা সেন্টারগুলোর নাম পরিবর্তন করে ‘এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাহুবলের ১০ শয্যার সেন্টারটি ২০ শয্যায় উন্নীত করা হয়েছে। তবে নাম ও শয্যাসংখ্যা বাড়লেও এখনো নিশ্চিত হয়নি প্রয়োজনীয় জনবল ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা।
বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন, সরকারি নির্দেশনায় জেলার বিভিন্ন হাসপাতাল থেকে জনবল এনে ২০২৫ সালের ঈদুল আজহায় ১৫ দিনের জন্য সেন্টারটি চালু করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট জনবল নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থায়ী জনবল না পাওয়ায় এরপর আর চালু করা সম্ভব হয়নি। জনবল চেয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, গত ৯ সেপ্টেম্বর সরকারি পত্রের মাধ্যমে দেশের ট্রমা সেন্টারগুলোর নাম পরিবর্তন করে ‘এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার’ করা হয়েছে। একই সঙ্গে বাহুবলের কেন্দ্রটি ১০ শয্যা থেকে ২০ শয্যায় উন্নীত করা হয়েছে। এখানে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় কর্মচারীসহ মোট ২৭ জন জনবলের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। প্রয়োজনীয় জনবল পদায়ন করা হলে দ্রুত সেন্টারটি চালু করা হবে।
দীর্ঘ ১২ বছরেও সেন্টারটি চালু করা সম্ভব হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, নানা জটিলতার কারণে এতদিন এটি চালু করা সম্ভব হয়নি। তবে সম্প্রতি সেন্টারটি চালুর বিষয়ে তাঁরা চেষ্টা করছেন।
একদিকে মহাসড়কে দুর্ঘটনায় আহত মানুষ জরুরি চিকিৎসার অভাবে জীবনঝুঁকিতে পড়ছেন, অন্যদিকে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন ও কেনা চিকিৎসা সরঞ্জাম পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। জনস্বার্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাপ্রতিষ্ঠান বছরের পর বছর বন্ধ থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয়দের দাবি, কেবল চিঠি চালাচালি ও আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত প্রয়োজনীয় ২৭ জন জনবল পদায়ন, চিকিৎসা সরঞ্জাম সচল এবং পূর্ণাঙ্গ জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। মহাসড়কে দুর্ঘটনায় আহত মানুষের জীবন রক্ষায় বাহুবল এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টারটি দ্রুত চালুর কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বিশেষ প্রতিবেদন থেকে আরো পড়ুন