ছবি সংগৃহীত :
জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে বিভিন্ন ভবনের কাচের জানালা ভেঙে যায়। আতঙ্কে ঘরবাড়ি ও বিভিন্ন ভবন থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা।
জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের পর কয়েকটি ছোট পরাঘাতও অনুভূত হয়।
শিজুওকা প্রদেশের ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। আইচি, হামামাৎসু, কিয়োটো, নারা, ইয়ামানাশি ও গিফুসহ বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হয়। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে আইচি অঞ্চলে। আহতদের মধ্যে কয়েকজন আতঙ্কে ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে আহত হন।
জাপানের আবহাওয়া সংস্থা আগামী কয়েক দিন, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ভূমিধস, পাথর ধসে পড়া এবং বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ঝুঁকি সম্পর্কেও সতর্ক করা হয়েছে।
ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় শিনকানসেন দ্রুতগতির ট্রেন চলাচল সতর্কতামূলকভাবে ধীর করা হয়েছে। তবে নানকাই ট্রাফ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বাড়ার মতো কোনো পরিবর্তন এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন