বাংলাদেশ

লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ ১২:৩৭

লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে দুটি মেছোবাঘের দেখা মিলেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষীন্দর ইউনিয়নের তালতলা গ্রামে একটি বাড়ির পাশের ঝোপঝাড়ে প্রাণী দুটি দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় শতাধিক পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে লক্ষীন্দর ইউনিয়নের তালতলা এলাকায় মেছোবাঘ দুটি ঘোরাফেরা করছিল। শুক্রবার সকাল ১০টার দিকে অনিকনগর পার্কের পশ্চিম পাশে বারেক মিয়ার বাড়ির পাশের ঘন ঝোপঝাড়ে প্রাণী দুটিকে দেখতে পান স্থানীয়রা। এ সময় হারুন নামের এক কিশোর মোবাইল ফোনে মেছোবাঘ দুটির ভিডিও ধারণ করে।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়ার পর শত শত উৎসুক মানুষ ওই এলাকার জঙ্গলের পাশে ভিড় করেন। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হলে প্রাণী দুটি সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বারেক মিয়া জানান, সকালে বাড়ির পশ্চিম পাশের ঘন জঙ্গল থেকে বের হয়ে মেছোবাঘ দুটিকে শুয়ে থাকতে দেখেন তিনি। কিছুক্ষণ পর প্রাণী দুটি উচ্চৈঃস্বরে ডাকতে শুরু করে। এতে ভয়ে কেউ তাদের কাছে যাওয়ার সাহস পাননি।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মো. এমরান আলী বলেন, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। স্থানীয়রা প্রাণী দুটিকে ভুল করে চিতাবাঘ মনে করলেও এগুলো মূলত মেছোবাঘ বা মেছো বিড়াল। নামের সঙ্গে ‘বাঘ’ শব্দটি থাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

তিনি আরও বলেন, প্রাণী দুটিকে হত্যা না করতে এবং আতঙ্কিত না হতে স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় মসজিদের মাইকেও ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন