প্রবাস

বাংলাদেশিসহ ১৬ অভিবাসীকে মরক্কোয় ফেরত পাঠাল স্পেন

প্রবাস ডেস্ক:

প্রবাস ডেস্ক:

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১৭:৪২

বাংলাদেশিসহ ১৬ অভিবাসীকে মরক্কোয় ফেরত পাঠাল স্পেন

ছবি: সংগৃহীত

স্পেনের ছিটমহল সেউটায় আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর বাংলাদেশিসহ ১৬ অভিবাসীকে মরক্কোয় ফেরত পাঠিয়েছে স্পেন। বহিষ্কৃত অভিবাসীদের মধ্যে সাব-সাহারান আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। নিজ নিজ দেশে ফেরত না পাঠিয়ে তাদের মরক্কোয় পাঠানোর এ ঘটনা চলতি বছরের জুলাইয়ে সেউটায় ব্যাপক অভিবাসী প্রবেশের ঘটনার পর প্রথম।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মরক্কো অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হওয়ায় তাদের দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিরা এখনো মরক্কোর ভূখণ্ডে রয়েছেন। তবে তাদের সংখ্যা ও জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়।

সেউটায় কর্মরত অভিবাসী অধিকার ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ১৬ জনের মধ্যে সেনেগাল, নাইজেরিয়া, ইয়েমেন, ক্যামেরুন ও বাংলাদেশের নাগরিক রয়েছেন।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও)। তাদের অভিযোগ, অভিবাসীদের মরক্কোয় ফেরত পাঠানোর আগে দেশটিতে তাদের নিরাপত্তাঝুঁকি এবং বিদেশি অভিবাসীদের সঙ্গে আচরণের বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না।

সংগঠনগুলোর মতে, স্পেনের বামপন্থি সরকারের ঘোষিত মূল্যবোধের সঙ্গেও এ পদক্ষেপ সাংঘর্ষিক। এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক ভার্জিনিয়া আলভারেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্পেনের অবস্থান ভণ্ডামিপূর্ণ।’

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কোনো জবাব দেয়নি। তৃতীয় দেশের নাগরিকদের স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবাসন কর্মসূচির আওতায় আইওএম মরক্কোর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে।

এদিকে, স্পেনের গোয়েন্দা সংস্থার ধারণা, গত জুলাইয়ে অভিবাসীরা শুধু সাঁতরে সেউটায় প্রবেশ করেননি। উত্তর মরক্কো থেকে তাদের যাত্রা সহজ করতে একটি সহায়তাকারী নেটওয়ার্ক এবং প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল।

উল্লেখ্য, সেউটা উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের একটি ছিটমহল, যা ইউরোপে প্রবেশের অন্যতম অভিবাসনপথ হিসেবে পরিচিত। অঞ্চলটি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আশ্রয়প্রক্রিয়া ও ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে।

প্রবাস থেকে আরো পড়ুন