প্রবাস

সৌদি আরবে বজ্রপাতে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

প্রবাস ডেস্ক:

প্রবাস ডেস্ক:

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ১৮:৫৩

সৌদি আরবে বজ্রপাতে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনার আল-উলা এলাকায় খেজুরবাগানে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে আবু বকর সিদ্দিক (২৪) নামে এক বাংলাদেশি যুবকের।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে সৌদি আরবের স্থানীয় সময় এ ঘটনা ঘটে। নিহত আবু বকর সিদ্দিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার ফরিদুল আলমের ছেলে।

সোমবার (২৬ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাদের চৌধুরী।

নিহতের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, প্রায় সাড়ে চার বছর আগে কর্মী ভিসায় সৌদি আরবে যান আবু বকর সিদ্দিক। মদিনার আল-উলা এলাকার একটি খেজুরবাগানে কাজ করতেন তিনি। রোববার রাতে সৌদি আরবে অবস্থানরত এলাকার লোকজনের মাধ্যমে তার মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।

এ বিষয়ে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাদের চৌধুরী বলেন, রোববার বিকেলে মদিনার আল-উলা এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হয় বলে জানতে পেরেছি। ওই সময় খেজুরবাগানে কাজ করছিলেন আবু বকর সিদ্দিক। বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আবু বকর সিদ্দিকের মৃত্যুর খবরে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে বলে জানান ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী।

প্রবাস থেকে আরো পড়ুন