ছবি: সংগৃহীত
মানহানি, আপত্তিকর ছবি প্রকাশ ও সাইবার হয়রানির অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে এ নোটিশ পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী ও তার আইনজীবী।
নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ২৭ অক্টোবর তিশার ভেরিফায়েড ফেসবুক পেজে সানায়ার বিরুদ্ধে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়।
এতে তার ব্যক্তিগত সম্মান ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া মেসেঞ্জারে ছবি প্রকাশের হুমকি এবং অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশের অভিযোগও তোলা হয়েছে।
নোটিশে বলা হয়, এটি পাওয়ার দুই দিনের মধ্যে তিশার ফেসবুক পেজ থেকে সংশ্লিষ্ট ছবি ও লেখা সরিয়ে ফেলতে হবে এবং ভবিষ্যতে অনুমতি ছাড়া ছবি প্রকাশ থেকে বিরত থাকতে হবে।
এদিকে, হত্যার হুমকির অভিযোগে গত ২৬ অক্টোবর তিশার বিরুদ্ধে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন সানায়া।
আদালত তিশাকে সমন জারি করে আগামী ২৩ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
সানায়ার দাবি, আগের একটি মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তার নারাজি আবেদন মঞ্জুর করে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে পাঠানোর পর তাকে হুমকি দেওয়া হয়।
বিনোদন থেকে আরো পড়ুন