সিলেট

সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ১

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ১৩:১৬

সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে আরও একজন আহত হয়েছেন। হামলার অভিযোগে জুয়েল আহমদ (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপরিরপাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেনের মৃত্যু হয়।

নিহত আক্তার হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার দুপরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে। আটক জুয়েল আহমদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে কালা মিয়ার ছেলে আক্তার হোসেন ও জাহাঙ্গীর হোসেন একটি পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় প্রতিবেশী আব্দুল হালিম তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরে বাড়ি ফেরার পথে আব্দুল হালিমের ছেলেসহ প্রায় ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে আক্তার হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় জাহাঙ্গীর হোসেনও আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জুয়েল আহমদ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে আইনগত পদক্ষেপ অব্যাহত রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন