ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি।
রোববার (১৮ অক্টোবর) মহেশপুর খালিশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির একটি টহল দল সীমান্ত সংলগ্ন পাকরাইল এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সামন্তা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৫৪/২-এস সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় শূন্যরেখা থেকে বাংলাদেশের ১৫০ গজ ভেতরে পাকরাইল গ্রামের কবরস্থানের কাছে সন্দেহভাজন চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি। ধাওয়া খেয়ে ব্যাগ ফেলে রেখে শূন্যরেখা পার হয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান ওই ব্যক্তি।
পরে ব্যাগে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার করে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধার করা অবৈধ অস্ত্র, গুলি ও সিরাপ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তে যে কোনো ধরনের চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ থেকে আরো পড়ুন