সিলেট নগরের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৭০ বছর। তবে এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। শনিবার দুপুরে মাজারের সড়কের পাশে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রোববার (১৮ অক্টোবর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। সংস্থা দুটি মরদেহ থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন