ছবি সংগৃহীত :
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ নারী ট্রাই-সিরিজের মেগা ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪ রান দূরে থেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শুরুর দিকে চরম বিপর্যয়ে পড়ার পর অধিনায়ক সাদিয়া ইসলামের দুর্দান্ত ফিফটিতে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি, ১৫৪ রানে ৭ উইকেট হারিয়ে মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় খাতায় রান যোগ করার আগেই দুই ওপেনার ময়মুনা নাহার ও অচেনা জান্নাত আউট হয়ে সাজঘরে ফেরেন। শুরুর ধাক্কা সামলাতে ব্যর্থ হয়ে শিরিনা খাতুনও ফেরেন মাত্র ৬ রানে।
পরবর্তীতে ম্যাচের হাল ধরেন অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি। সাদিয়া ইসলাম মাত্র ৩৫ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৫৯ রানের এক ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশ দলকে জয়ের স্বপ্ন দেখান। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে নিশি ৩৫ রান এবং শেষ দিকে সাদিয়া আক্তার ২২ বলে গুরুত্বপূর্ণ ৩৫ রান যোগ করেন। তবে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হওয়ায় ৭ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তোলে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার সঞ্জনা কাভিন্দি ৪৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৪ রানের চোখধাঁধানো ইনিংস খেলে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। এছাড়া বিমোক্ষ বালাসুরিয়া ২৩, নেথমি উপেকশা ২২ এবং উমায়ঙ্গনা পিরিস অপরাজিত ২৮ রান সংগ্রহ করেন।
বাংলাদেশের পক্ষে বোলিংয়ে নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস, আফরিন মিম ও ফারজানা ইয়াসমিন ১টি করে উইকেট নেন।
টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশ বেশ পিছিয়ে পড়লেও অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশির বীরত্বপূর্ণ লড়াইয়ে ম্যাচটি শেষ ওভার পর্যন্ত গড়ায়। তবে শেষ মুহূর্তে ঠান্ডা মাথায় বোলিং করে ৪ রানের রোমাঞ্চকর জয় নিয়ে ট্রফি উঁচিয়ে ধরে শ্রীলঙ্কা।
খেলাধুলা থেকে আরো পড়ুন