দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরার শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন দপ্তর বিশেষ বাসসেবা চালু করেছে। ক্যাম্পাস থেকে প্রায় সাত কিলোমিটার দূরের কদমতলী বাস ও রেলওয়ে স্টেশনে পৌঁছাতে এ সেবা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উদ্যোগটিতে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মোট ১১ দিনের ছুটি পাচ্ছেন। ছুটির আগে বাড়িমুখী শিক্ষার্থীদের স্টেশনে পৌঁছানোর ভোগান্তি কমাতে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টা, ১০টা ও ১১টায় ক্যাম্পাস থেকে কদমতলী বাস স্টেশনের উদ্দেশে বিশেষ বাস চলে। এ ছাড়া আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টায় আরও একটি বিশেষ বাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল মোমেন বলেন, ‘ক্যাম্পাস থেকে রেলস্টেশন ও বাসস্টেশনে যাওয়ার ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ বাসসেবার ফলে সময় সাশ্রয় হচ্ছে এবং স্টেশনে পৌঁছানোও সহজ হয়েছে।’
তিনি বলেন, ‘ক্যাম্পাস থেকে স্টেশন দূরে হওয়ায় সিএনজির জন্য অপেক্ষা করতে হতো। সময়মতো পৌঁছানো নিয়েও দুশ্চিন্তা থাকত। বিশেষ বাসসেবা চালুর ফলে এ সমস্যা অনেকটাই কমেছে। এ উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়ভাবে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতেই এ বিশেষ বাসসেবার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাস থেকে কদমতলী পর্যন্ত যাতায়াতে তাঁদের যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সে লক্ষ্যেই পরিবহন দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার ভোর ৫টায় ক্যাম্পাস থেকে কদমতলীর উদ্দেশে একটি বিশেষ বাস চলবে। শিক্ষার্থীদের চাহিদা বিবেচনা করে প্রয়োজনে বাসের সংখ্যা বাড়ানো হবে।
শিক্ষা থেকে আরো পড়ুন