প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ২২:৩৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজ্ঞান বিষয়ক অন্যতম সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’-এর ২১তম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মোট ৫১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থী সাজেদ আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের অর্ঘ্য কানুনগো।
১১ অক্টোবর (রবিবার) ২০২৬ তারিখে সংগঠনের পক্ষ থেকে এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন-সিনিয়র সহ-সভাপতি এলমা মুস্তাসফিয়াত, সহ-সভাপতি (একাডেমিক ও ওয়ার্কশপ) সারমিন সুলতানা ও জাকিয়া নওরিন তন্নী, সহ-সভাপতি (ভিজ্যুয়াল আর্টস ও মিডিয়া) আব্দুল্লাহ ইবনে রশিদ এবং মহাপরিচালক হিসেবে মালিহা নুসরাত এবং কোষাধ্যক্ষ হিসেবে সুমাইয়া আক্তার শিপা মনোনীত হয়েছেন।
সংগঠন সূত্র জানায়, কমিটির ৫১টি পদকে তিনটি স্তরে বিভক্ত করে সাজানো হয়েছে। এর মধ্যে শীর্ষ নেতৃত্ব (২০২১-২২ সেশন): সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, মহাপরিচালক ও কোষাধ্যক্ষসহ মোট ৮ জন। সম্পাদক ও পরিচালক পর্যায় (২০২৩-২৪ সেশন): সহকারী সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, একাডেমিক পরিচালক, প্রকাশনা ও ম্যাগাজিন, মিডিয়া ও যোগাযোগ, অলিম্পিয়াড ও দক্ষতা উন্নয়ন এবং ভিজ্যুয়াল আর্টস বিভাগের পরিচালকসহ মোট ১০ জন। এছাড়া সমন্বয়ক পর্যায় (২০২৪-২৫ সেশন): সহকারী সাংগঠনিক ও দপ্তর সম্পাদকসহ ওয়ার্কশপ, আইটি, স্টাডি সার্কেল, স্কুল ইভেন্ট, প্রকাশনা, মিডিয়া, ভিজ্যুয়াল আর্টস এবং অলিম্পিয়াড ও দক্ষতা উন্নয়ন বিভাগের সমন্বয়কসহ মোট ৩৩ জন।
এদিকে নতুন কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদায়ী ২০তম কমিটির সভাপতি মাহমুদুল হাসান মেহেদী ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। যৌথ এক বার্তায় তাঁরা নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং দায়িত্ব হস্তান্তরের এই সময়ে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস প্রদান করেন।
শিক্ষা থেকে আরো পড়ুন