সিলেট

গোয়াইনঘাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধা পুরস্কার প্রদান

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ ১৬:৪৬

গোয়াইনঘাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধা পুরস্কার প্রদান

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ‘সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার’ প্রদান করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর ডা. ইদ্রিস আলী উচ্চবিদ্যালয় মাঠে দিলদার হোসেন সেলিম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ডা. ইদ্রিস আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকলেছুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ও যুক্তরাজ্যের ব্যারিস্টার সামিয়া নওরীন চৌধুরী। এ সময় স্বাগত বক্তব্য দেন মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান, সিনিয়র সহসভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জেবুন্নাহার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, গোয়াইনঘাট মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সয়ফুল্লাহ, লামনী প্রগতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহমদ, হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক কামরুল ইসলাম এবং যুবনেতা সাব্বির আহমদ সানিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি এলাকার শিক্ষার প্রসার ঘটানোই দিলদার হোসেন সেলিম মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম প্রধান উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং শিক্ষাজীবনে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সিলেট থেকে আরো পড়ুন