সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের অলিপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে লাখাই উপজেলার মোড়াকরি গ্রাম থেকে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি হবিগঞ্জের অলিপুর এলাকার উদ্দেশ্যে রওনা হন আব্দুল খালেক। পথে সিলেট-ঢাকা মহাসড়কের অলিপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইমরুল সাহেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন