সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ থানার অভিযানে ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় বিড়ি ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় বুরহান আহমদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে শাহপরাণ (রহ.) থানাধীন পীরেরচক এলাকার তাজু রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে এসব বিড়ি ও কাভার্ড ভ্যান আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট পরিচালনার সময় ঢাকা মেট্রো-ন-২২-১৩৬৬ নম্বরের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালান। এ সময় ভ্যানটি থেকে ৩৩ হাজার ৬০০ প্যাকেট ভারতীয় ‘শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি’ উদ্ধার করা হয়। উদ্ধার করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় আটক বুরহান আহমদ সিলেটের জৈন্তাপুর থানার মানিকপাড়া (খলা) এলাকার বাসিন্দা। তিনি শমছুর উদ্দিন ও রাবেয়া বেগমের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় ৮ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর ১২ দায়ের করা হয়েছে। মামলাটি The Special Powers Act, 1974-এর ২৫বি(১)(বি) ধারায় রুজু করা হয়। পরে আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন