খেলাধুলা

প্রথমার্ধেই ইন্দোনেশিয়ার গোল বন্যায় বিধ্বস্ত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ২০:৪৩

প্রথমার্ধেই ইন্দোনেশিয়ার গোল বন্যায় বিধ্বস্ত বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে রীতিমতো গোল-বন্যায় ভেসে গেল বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমে প্রথমার্ধেই হাফ ডজন গোল হজম করেছে হামজার দল।

বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন ৬-১! স্বাগতিকদের হয়ে একাই চার গোল করে বাংলাদেশের রক্ষণভাগ একপ্রকার গুঁড়িয়ে দিয়েছেন মিচেল লি বাকের। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল ইন্দোনেশিয়া।

ফল পেতেও খুব একটা সময় লাগেনি তাদের। ১১ মিনিটে রোমেনি ওলের কাটব্যাক থেকে বল পেয়ে অনায়াসে জাল খুঁজে নিয়ে গোল-উৎসবের শুরুটা করেন লি বাকের।

২০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন তিনিই। বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকে ওলের নেওয়া শট প্রথম দফায় আটকে দিয়েছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

বল পুরোপুরি বিপদমুক্ত করতে না পারায় রাগনার ওরাতমাংগোনের ফিরতি শটও রুখে দেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি, জটলার ভেতর থেকে দারুণ এক ব্যাকহিলে ঠিকই বল জালে জড়িয়ে দেন বাকের।
 

খেলার ৩২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগকে বোকা বানিয়ে বক্সের ভেতর থেকে নেওয়া কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করেন রিজকি রিধো।

তবে ৩৬ মিনিটে ম্যাচে ফেরার একটা ক্ষণিক আশা জেগেছিল লাল-সবুজ শিবিরে। সোহেল রানা সিনিয়রের বাড়ানো লম্বা বল ধরে বাঁ প্রান্ত দিয়ে দারুণ এক আক্রমণ শানান শুকি ইতোফুসা। তার হাওয়ায় ভাসানো ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান শাহরিয়ার ইমন। চলতি আসরে এটিই ছিল বাংলাদেশের প্রথম গোল।

কিন্তু সেই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও ধাক্কা। ঠিক পরের মিনিটেই নিজের হ্যাটট্রিক পূরণ করে বাংলাদেশের স্বস্তিটুকু মাটিতে মিশিয়ে দেন সেই লি বাকের। এখানেই থামেননি তিনি। ৪২ মিনিটে জাস্টিন হুবনারের মাপা লংপাস থেকে দারুণ এক হেডে ম্যাচে নিজের চতুর্থ গোলটি আদায় করে নেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের খাতায় নাম লেখান হুবনার নিজেও। ফলে প্রথমার্ধেই ৬-১ গোলে পিছিয়ে থাকার বিশাল এক বোঝা মাথায় নিয়ে বিরতিতে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।

খেলাধুলা থেকে আরো পড়ুন