প্রতিকী ছবি
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। ১৭ বছর বয়সী ওই কিশোর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
নতুন এই মৃত্যু নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ১৭২ জন এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০ জনের।
জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সিলেটে ৭৩ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যাও বাড়ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে ১ হাজার ৮১ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৮ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের আক্রান্তদের তালিকায় রুবেলায় আক্রান্ত দুজনও রয়েছেন।
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর চাপও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ৫৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯৮ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৭ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর সিলেট বিভাগে হাম পরিস্থিতি নিয়ে হাসপাতালে রোগীর চাপ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন