সিলেট

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ১৯:১৯

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৯৩ বোতল ভারতীয় ESKuf ও ৭৫ বোতল ভারতীয় FAIRDYL সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি, সিলেটের একটি অভিযানিক দল।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন তেঁতলী এলাকায় নির্মাণাধীন এসফল্ট প্ল্যান্ট বিল্ডিংয়ের সামনে সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটককরা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে, সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে একটি ট্রাকে করে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে সিলেট শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে অভিযানিক দল সিলেট-ঢাকা মহাসড়কের তেঁতলী এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হলে ট্রাক থেকে চারজন ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানিক দলের সদস্যরা দুইজনকে আটক করতে সক্ষম হন। তবে অপর দুইজন কৌশলে পালিয়ে যান।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে মাদকদ্রব্য থাকার বিষয়টি জানা যায়। পরে ট্রাকের চালকের আসনের পেছনে বিশেষভাবে রাখা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯৩ বোতল ভারতীয় ESKuf এবং ৭৫ বোতল ভারতীয় FAIRDYL সিরাপ উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—সিলেটের জকিগঞ্জ থানার কচুয়া গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে মো. রিপন আহমদ (৩১) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মাছগাঁওড়া গ্রামের মো. রাশেদের ছেলে মো. জাহিদ (২২)।

এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পলাতক দুই ব্যক্তির সঙ্গে যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ESKuf ও FAIRDYL সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় আটক দুই ব্যক্তি ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের ও জব্দ করা মাদকদ্রব্যসহ অন্যান্য আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেট থেকে আরো পড়ুন