পর্যটন

বিদেশি পর্যটক বাড়াতে কূটনীতিকদের সঙ্গে বসেছে পর্যটন বোর্ড

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ১৬:০৭

বিদেশি পর্যটক বাড়াতে কূটনীতিকদের সঙ্গে বসেছে পর্যটন বোর্ড

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে কার্যকরভাবে তুলে ধরা এবং বিদেশি পর্যটক বা ইনবাউন্ড পর্যটন বাড়াতে কূটনীতিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘কানেক্টিং ডেস্টিনেশন বাংলাদেশ : ট্যুরিজম অ্যাজ আ ব্রিজ ফর পিপল-টু-পিপল কানেক্টিভিটি’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

সভায় আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে দেশের পর্যটনকেন্দ্রগুলোর সুযোগ-সুবিধা বাড়ানো এবং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় ভুটান, চীন, ওমান, সিঙ্গাপুর, ইরান, আলজেরিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং ইউনেস্কোর প্রতিনিধিরা অংশ নেন। তারা বাংলাদেশের সুন্দরবন, সিলেটের প্রাকৃতিক বৈচিত্র্য, ধর্মীয় স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শনের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

বক্তারা বলেন, পর্যটনকেন্দ্রগুলোকে শুধু দর্শনীয় স্থান হিসেবে উপস্থাপন না করে এর সঙ্গে যুক্ত ইতিহাস, সংস্কৃতি ও স্থানীয় মানুষের জীবনযাত্রার গল্প পর্যটকদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে হবে। এতে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলো আন্তর্জাতিক পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

এ সময় বাংলাদেশের পর্যটন নিয়ে প্রচার-প্রচারণা ও ব্র্যান্ডিং জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ আধুনিক প্রযুক্তি এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিং ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী দেশের পর্যটন খাতের সামগ্রিক সম্ভাবনা এবং এ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে বাংলাদেশের প্রধান পর্যটন আকর্ষণগুলো নিয়ে একটি সার্বিক উপস্থাপনা দেওয়া হয়।

সভায় বেসরকারি ট্যুর অপারেটরদের প্রতিনিধিরা বিভিন্ন সোর্স মার্কেটের চাহিদা অনুযায়ী আকর্ষণীয় প্যাকেজ ট্যুর তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

বিটিবি জানায়, বিদেশি প্রতিনিধিদের মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও উষ্ণ আতিথেয়তার কথা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

পর্যটন থেকে আরো পড়ুন