ছবি সংগৃহীত :
জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। নতুন ‘কপি কোড’ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, জিমেইলের অ্যান্ড্রয়েড ২০২৬.০৯.০৭.এক্স এবং আইওএস ৬.০.২৬০৯০৭ সংস্করণে এরই মধ্যে নতুন সুবিধাটি যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হচ্ছে।
নতুন সুবিধাটি চালু হলে ভেরিফিকেশন কোড–সংবলিত কোনো ই-মেইল জিমেইলের ইনবক্সে এলে প্রিভিউ অপশনের পাশে ‘কপি কোড’ নামে নতুন একটি বাটন দেখা যাবে। বাটনে ট্যাপ করলেই ভেরিফিকেশন কোডটি ফোনের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। এরপর নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে সহজেই কোডটি পেস্ট করা যাবে।
বর্তমানে ই-মেইলে ওটিপি এলে ব্যবহারকারীদের প্রথমে সংশ্লিষ্ট ই-মেইল খুলে কোডটি দেখতে হয়। এরপর সেটি কপি করে অন্য অ্যাপ বা ওয়েবসাইটে পেস্ট করতে হয়। নতুন সুবিধার ফলে এই অতিরিক্ত ধাপ কমবে এবং বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে সাইন-ইন করার প্রক্রিয়া আরও দ্রুত হবে।
অ্যান্ড্রয়েডের গুগল মেসেজেসে আগে থেকেই একই ধরনের সুবিধা রয়েছে। এসএমএসে ভেরিফিকেশন কোড এলে নোটিফিকেশন থেকেই তা কপি করা যায়। এবার ই-মেইলে আসা ভেরিফিকেশন কোডের ক্ষেত্রেও জিমেইলে একই ধরনের দ্রুত কপি করার সুবিধা যুক্ত হচ্ছে।
তথ্য প্রযুক্তি থেকে আরো পড়ুন