বাংলাদেশ

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৪

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

ছবি: সংগৃহীত

বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি বাড়তে পারে। আর তিস্তার পানি বেড়ে প্লাবিত হতে পারে উত্তরের পাঁচ জেলার নিম্নাঞ্চল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ০৩ দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী ১ দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ৪ দিন হ্রাস পেতে পারে। গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে; অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী ২ দিন হ্রাস পেতে পারে এবং পরবর্তী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। সুরমা নদীর পানি সমতল আগামী ১ দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে। অপরদিকে কুশিয়ারা পানি সমতল আগামী ১ দিন হ্রাস পেতে পারে এবং পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, অপরদিকে ভিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ হতে ৪৮ ঘণ্টায় তিস্তা নদী নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন