খেলাধুলা

এবার ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩

এবার ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ছবি: সংগৃহীত

সদ্য এশিয়ান গেমসের ভারতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটার বিপরাজ নিগামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) ভারত-জাপান প্রদর্শনী ম্যাচে জাতীয় দলের জার্সিতে তার অভিষেকের সম্ভাবনা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে সোমবার সামনে আসে তার বিরুদ্ধে ওই অভিযোগ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী তরুণী রোববার বিপরাজের বাড়ির সামনে তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। তবে বিপরাজ তখন জাপানে থাকায় তাদের দেখা হয়নি। পরে বিপরাজের বাবা ওই তরুণীর সঙ্গে ফোনে কথা বলেন এবং এক সপ্তাহ পর আবার দেখা করার আশ্বাস দেন।

বিপরাজ ও ওই তরুণীর মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। দুজনই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। গত বছরের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেন বিপরাজ। তার দাবি, বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে হয়রানি করা হচ্ছিল। পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, গৌতম বুদ্ধ নগরের এক্সপ্রেসওয়ে থানায় বিপরাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন ওই তরুণী। তার দাবি, ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়। পরে বিপরাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে বিপরাজ তাকে ধর্ষণ ও নির্যাতন করেন। এ ঘটনায় ১৬ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

এদিকে, এশিয়ান গেমসের দলে বরুণ চক্রবর্তীর পরিবর্তে সুযোগ পেয়েছেন বিপরাজ। উত্তরপ্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার।

তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় এখনো আদালতে তা প্রমাণিত হয়নি।

খেলাধুলা থেকে আরো পড়ুন