প্রবাস

বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান কানাডা প্রবাসীদের

প্রবাস ডেস্ক:

প্রবাস ডেস্ক:

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৮

বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান কানাডা প্রবাসীদের

ছবি: সংগৃহীত

কানাডায় বসবাসরত প্রবাসীদের পক্ষ থেকে তাদের সমস্যা দ্রুত সমাধানের জন্য বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কানাডার টরেন্টোতে ডানফোর্থ এলাকার বিডি ফিউশনে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানানো হয়। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) কানাডা শাখার উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এইচআরপিবির কানাডা শাখার সভাপতি আফিয়া বেগমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোঃ শহীদ উদ্দিন, কানাডার ডিপ্লোম্যাটিক প্রটোকল কনসালটেন্ট রশিদ খান, কমিউনিটি নেতা ব্যারিস্টার আলমগীর, মন্ট্রিল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. মোরসালিন, ক্লাইমেট চ্যানেল এর সিইও সঞ্জয় চাকি, কানাডার লিভারেল পার্টির ভাইস প্রেসিডেন্ট এহসানুল হাফিজ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এইচআরপিবি কানাডা শাখার সেক্রেটারি সালমান আরেফিন।

সেমিনারে বক্তারা কানাডাতে বসবাসরত বাংলাদেশিদের দেশে সম্পত্তিসহ অন্যান্য অধিকারের বিষয়ে আইনগত প্রতিকার সহজলভ্য করা প্রয়োজন বলে মত দেন এবং এজন্য বাংলাদেশ সরকারের নিকট প্রবাসীদের সমস্যা সমাধানে বাংলাদেশে একটি প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান।

বক্তারা এসময় বাংলাদেশি কমিউনিটির লোকজনের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রচেষ্টায় কানাডা সরকারের সহযোগিতাও কামনা করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এইচআরপিবির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, বাংলাদেশে প্রবাসীরা সম্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অনিয়মের সম্মুখীন হন এবং তাদের অধিকার লঙ্ঘিত হয়, সে সকল ক্ষেত্রে এইচআরপিবির পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। কিন্তু অভিজ্ঞতার আলোকে দেখা যায়, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশে প্রচলিত আইনগত প্রতিকারের দীর্ঘসূত্রিতা বিভিন্নভাবে তাদেরকে অধিকার বঞ্চিত করছে।

প্রবাসীদের বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান প্রয়োজন এবং এ কারণেই তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন অতি দ্রুত বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করা হয়। নতুবা বাংলাদেশে প্রবাসীদের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ ও রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

সভাপতির বক্তব্যে আফিয়া বেগম বলেন, কানাডায় বসবাসকারী প্রবাসীরা অনেক ক্ষেত্রেই বাংলাদেশে তাদের সহায়-সম্পত্তি বা বিনিয়োগের ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হন এবং তাদের অধিকার লঙ্ঘিত হয়। এসব সমস্যা দ্রুত সমাধানে বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

প্রবাস থেকে আরো পড়ুন