প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ইংরেজি ভাষা চর্চা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’ কর্তৃক আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতা ‘স্পিক আপ ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের ৫০২ নম্বর কক্ষে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ ও ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা, পাবলিক স্পিকিং, আত্মবিশ্বাস, সৃজনশীল চিন্তা ও তাৎক্ষণিকভাবে নিজের ভাবনা প্রকাশের সক্ষমতা বিকাশে উৎসাহিত করা।
প্রতিযোগিতায় সেরা স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজয় বিশ্বাস । ১ম রানার্স-আপ হিসেবে একই শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাদমান শাহরিয়ার নিমীর এবং ২য় রানার্স-আপ হিসেবে সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুমের নাম ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় সেরা ১০ জন কে সার্টিফিকেট এবং বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থানকারী কে সার্টিফিকেট সহ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও মো. ইবতাশামুর রহমান, কাজী তাওহিদুর রহমান, ভুবনেশ্বর রাজ সমুদ্র, আরাফাত রহমান জিসান, মারিফুল ইসলাম তাজিফ, জুবাইর জামান, তাহসিন আহমেদ রিফাত সেরা দশ স্পিকার হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও বিচারকমণ্ডলি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম । প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের ১৮তম কার্যনির্বাহী কমিটির সভাপতি আরমান হোসেন ইমন, সহ-সভাপতি সাদিকুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক দীপ্ত বণিক এবং সহকারী সাধারণ সম্পাদক সানজিদা জসিম আশা।
আয়োজকদের মতে, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শুধু ভালো বক্তা হিসেবে গড়ে তোলাই নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে চিন্তা করা, নিজের মতামত প্রকাশ করা এবং ভবিষ্যতের বিভিন্ন একাডেমিক ও পেশাগত ক্ষেত্রে কার্যকরভাবে যোগাযোগ করার সক্ষমতা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।
শিক্ষা থেকে আরো পড়ুন