সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩৩ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-৩।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আগরগড়া সাকিনস্থ মৌড়াকুড়া কাদিরের পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি প্লাস্টিকের বস্তা হাতে নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সবুজ মিয়া (৪৫)। তিনি শান্তিগঞ্জ থানার কান্দিগাঁও এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করলে পরে তার কাছে থাকা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন