সিলেট

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ যুবক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৪

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ যুবক

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে এসআরবি-৯।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের পুরাতন হাইওয়ে রোডের চাকলাপুঞ্জি চা বাগানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার চান্দপুর গ্রামের মৃত নেংরু কর্মকারের ছেলে বিষু কর্মকার (৪২) এবং একই গ্রামের মৃত বুদ্ধেশ্বর সাঁওতালের ছেলে নিপেশ সাঁওতাল (২২)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ  এ তথ্য নিশ্চিত করেন।

এসআরবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চাকলাপুঞ্জি চা বাগানের সামনে কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে।

খবর পেয়ে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে উদ্ধার করা গাঁজাসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন