সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।
তিনি মাগুরা জেলা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া, শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে এবং পেশায় একজন শিল্পী (আর্টিস্ট)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্যাকেরঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ৬ জন পর্যটক নিয়ে 'হৈমন্তী' নামে একটি হাউজবোটে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে দিনভর গোসল ও ঘোরাফেরা করে বিকেলে ট্যাকেরঘাট নৌকাঘাটে যান। পরে শহীদ সিরাজ লেক এলাকায় ঘোরাফেরা করতে যান সবাই।
এর মধ্যে মাগরিবের নামাজের আগে শহীদ সিরাজ লেক এলাকা দিয়ে ট্যাকেরঘাট এলাকায় যাওয়ার পথে আশিষ কুমার রায় (৫১) অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। তখন পাশে মসজিদে থাকা লোকজন তার হাতে থাকা মোবাইল নিয়ে তার সাথে আসা লোকজনকে জানালে সহপাঠী ও স্থানীয় এলাকাবাসী তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে স্পিডবোট দিয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হৈমন্তী হাউজবোটের ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, সকালে ৬ জন পর্যটক তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার নৌকাঘাট থেকে ওঠেন। পরে তাদের নিয়ে সারাদিন টাঙ্গুয়ার হাওর ঘুরে বিকেলে ট্যাকেরঘাট যাওয়ার পর শহীদ সিরাজ লেক এলাকা ঘুরে ট্যাকেরঘাট এলাকায় যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে স্থানীয় লোকজন মাথায় পানি দেয়াসহ সুস্থ করার চেষ্টা করেন।
নিহতের সাথে আসা বন্ধু রাজ শেখর বণিক জানান, আমরা বিকেলে সবাই শহীদ সিরাজ লেক এলাকার ছোট ছোট টিলায় উঠি এবং আশপাশের এলাকায় ঘুরে শহীদ সিরাজ লেকের পাশেই আমরা ৫ জন বন্ধু একসাথে হই। তখন আশিষকে না পেয়ে তার ফোন নম্বরে কল দিলে সে রিসিভ করেনি। পরে তার ফোন থেকে কল আসলে জানতে পারি সে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে নিয়ে চিকিৎসক দেখালে তারা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাতে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ড. নওশাদ আহমেদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই পর্যটক মারা গেছেন। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন