বাংলাদেশ

শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু, শিশুর হাত-পা বিচ্ছিন্ন

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৩

শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু, শিশুর হাত-পা বিচ্ছিন্ন

ছবি সংগৃহীত :

চট্টগ্রাম নগরের ষোলশহরে চলন্ত ট্রেনের সামনে পড়ে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় রাহাত (১০) নামে ওই শিশুর ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়েছে। আহত হয়েছেন আব্দুর রহমান (৩০) নামে আরও একজন।

 

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ষোলশহর লেভেল ক্রসিং এলাকার চশমা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ষোলশহর স্টেশনসংলগ্ন সড়কে দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চলায় পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে গেছে। ফলে অনেকে ঝুঁকি নিয়ে রেললাইনের পাশ দিয়ে চলাচল করেন। শুক্রবার দুপুরে রাহাতও রেললাইনের পাশে হাঁটছিল। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি শিশুটির কাছাকাছি চলে আসে।

শিশুটিকে সরিয়ে নিতে এগিয়ে যান দেলোয়ার হোসেন মিন্টু। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই ঘটনায় রাহাতের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা রাহাত ও আব্দুর রহমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। রাহাতকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আব্দুর রহমানের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেকের বাসায় থাকা মো. ফারুকের ছেলে। নিহত দেলোয়ার হোসেন মিন্টুর বাসা নগরের পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকায়। তার গ্রামের বাড়ি ফেনীতে।

স্থানীয়দের অভিযোগ, ষোলশহর স্টেশনসংলগ্ন সড়কে সংস্কারকাজ চললেও পথচারীদের জন্য বিকল্প ও নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হয়নি। এতে বাধ্য হয়ে অনেকে রেললাইন ঘেঁষে চলাচল করছেন। ফলে ওই এলাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

তাদের দাবি, দ্রুত পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করা না হলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অসীম ধর দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন