সিলেট

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৬০

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৬০

সিলেটে হাম পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি। নতুন করে কেউ শনাক্ত না হলেও গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৩ জন। একই সময়ে হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে।

 

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটির নাম মিম তাহসিন নিজাম। তার বয়স মাত্র ৪ মাস ২১ দিন। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৫ জন, হবিগঞ্জে ২২ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জন মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এদিকে, হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।

নতুন করে শনাক্তের সংখ্যা না বাড়লেও হাসপাতালে হাম সন্দেহে রোগী ভর্তির সংখ্যা অব্যাহত থাকায় সিলেট বিভাগে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না।

সিলেট থেকে আরো পড়ুন