সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে আটক করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ সময় আবু বক্কর নামের একজনের ডান পা ভেঙে দেওয়া এবং তিনজনের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ও গরু চুরির অভিযোগে আটক তিনজন হলেন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের হাসান আলীর ছেলে আবু বক্কর, একই ইউনিয়নের পূর্ব গিলাতলী গ্রামের মফিজ আলীর ছেলে নিজাম উদ্দিন এবং ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোরাপানি গ্রামের শেরগুল মিয়ার ছেলে সোনাই মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাংলাবাজার ইউনিয়নের ভক্তারপুর গ্রামের ইকবাল হোসেনের দুটি গরু চুরি হয়। অভিযোগ রয়েছে, ছাতকের জোরাপানি গ্রামের সোনাই মিয়া গরু দুটি নিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার ভোরে দুটি গরুসহ পালইছাড়া গ্রামের লোকজন তাকে আটক করেন।
পরে সোনাই মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে গরু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু বক্কর ও নিজাম উদ্দিনকে আটক করেন স্থানীয় লোকজন। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তিনজনের হাত-পা বেঁধে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
একপর্যায়ে আবু বক্করের ডান পা ভেঙে দেওয়া হয়। এ ছাড়া তিনজনের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের মাটিতে ফেলে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে। এ সময় দুটি গরুও জব্দ করা হয়। আহত তিনজনকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, গরু চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হওয়া তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কোন পক্ষের কাছ থেকেই অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট থেকে আরো পড়ুন