হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটের দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর রেলক্রসিং সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুড়িঘর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে জীবন মিয়া (৪৮)।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জেদ্দাহ এক্সপ্রেস পরিবহনের একটি বাসে করে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে অভিযান শুরু করে।
পরে রাত ২টা ৫৫ মিনিটে অলিপুর রেলক্রসিং সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী জেদ্দাহ এক্সপ্রেস বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করেন।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার কাছে মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার হেফাজতে থাকা একটি সিলভার রঙের ও একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটক জীবন মিয়া জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন