সিলেট

সুনামগঞ্জে ৫০ মণ ধানসহ আগুনে পুড়ল বসতঘর

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

সুনামগঞ্জে ৫০ মণ ধানসহ আগুনে পুড়ল বসতঘর

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামে অগ্নিকাণ্ডে সাখাওয়াত হোসেনের একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা প্রায় ৫০ মণ ধান, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাধানগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ সাখাওয়াত হোসেনের বসতঘরে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরে সংরক্ষিত ধান, আসবাবপত্রসহ মূল্যবান বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। আগুনে বসতঘর হারিয়ে পরিবারটি এখন ক্ষতির মুখে পড়েছে।

ক্ষতিগ্রস্ত সাখাওয়াত হোসেন বলেন, অগ্নিকাণ্ডে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার বসতঘরসহ ঘরে থাকা ৫০ মণ ধান, আসবাবপত্র ও অন্যান্য মালামাল যা ছিলো সব পুড়ে গেছে। প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।

তবে আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ বিদ্যুতের শর্টসার্কিট, আবার কেউ চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, রাধানগর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ঘটনাস্থল থানার কাছ থেকে অনেক দূরে এবং হাওর এলাকায় হওয়ায় সেখানে পৌঁছানো কিছুটা কঠিন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

সিলেট থেকে আরো পড়ুন