সিলেট

সিলেটে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে ডাকাতি: অভিযুক্ত গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৮

সিলেটে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে ডাকাতি: অভিযুক্ত গ্রেফতার

সিলেটের মোগলাবাজারে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে ডাকাতির ঘটনায় আব্দুল আহাদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল আহাদ সিলেটের মোগলাবাজার থানাধীন সুলতানপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আজির উদ্দিন।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর ২০২৫ রাতে মৌলভীবাজারের বড়লেখা এলাকায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের শাখা অফিস থেকে বিভিন্ন গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল একটি কাভার্ড ভ্যানে করে সিলেটের চণ্ডীপুলস্থ ডিস্ট্রিবিউশন অফিসের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।

কাভার্ড ভ্যানটিতে চালক মো. আরাফাত হাসান (২৪), হেলপার মো. সোহাগ মিয়া (২০) এবং সুমন আহমেদ (৩৫) দায়িত্বে ছিলেন।

পরে ১ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে কাভার্ড ভ্যানটি মোগলাবাজার থানাধীন লালমাটিয়া এলাকার রয়েল সিটি আবাসিক এলাকার গেটসংলগ্ন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে পৌঁছালে পেছন দিক থেকে একটি সাদা রঙের নোয়াহ গাড়ি এসে ভ্যানটির গতিরোধ করে।

এ সময় নোয়াহ গাড়ি থেকে ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি নেমে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারদের গলায় ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। পরে তাদের কাছ থেকে কাভার্ড ভ্যানের কনটেইনারের চাবি ছিনিয়ে নেয় তারা।

এরপর একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে আরও ৬-৭ জন ঘটনাস্থলে এসে কাভার্ড ভ্যানের কনটেইনারের দরজা খুলে ভেতরে থাকা বিভিন্ন গ্রাহকের পোশাক, ইলেকট্রনিকস সামগ্রী, মোবাইল ফোন, ল্যাপটপসহ আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে দ্রুত সিলেট শহরের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড, সিলেটের ইনচার্জ রাশেদুজ্জামান বাদী হয়ে সিলেটের মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। মামলাটি ১ ডিসেম্বর ২০২৫ তারিখে মোগলাবাজার থানায় নথিভুক্ত হয়। মামলায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা করা হয়।

মামলার পর অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন চত্বর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আব্দুল আহাদকে গ্রেফতার করে।

এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিলেটের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন