সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ছয়টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে তারা জানতে পারে, সিলেট মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে লালাবাজার সাকিনের মাহতাজ ভ্যারাইটিজ স্টোর নামের একটি চায়ের দোকানের ভেতরে কয়েকজন অনলাইন জুয়া খেলছেন। পরে র্যাব-৯-এর একটি অভিযানিক দল রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় কৌশলে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন বলে জানিয়েছে র্যাব। পরে তাদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সিলেটের দক্ষিণ সুরমা থানার শাহ সিকন্দর এলাকার মৃত আমিনউল্লাহর ছেলে মো. জিল্লুর উদ্দিন (৩৮), হবিগঞ্জের লাখাই থানার সিংহগ্রামের মো. মিয়া হোসেনের ছেলে মো. সামাইন (৩০), ময়মনসিংহের নান্দাইল থানার চণ্ডীপাশা এলাকার মৃত অখিল মিয়ার ছেলে মো. নাইম মিয়া (৩৩) এবং হবিগঞ্জের লাখাই থানার মনতৈল উত্তরপাড়ার মো. আমজত আলীর ছেলে মো. শাহিন মিয়া (৩৫)।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা বিভিন্ন অনলাইন জুয়া প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলতেন। জব্দ করা মোবাইল ফোনগুলো যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের এবং জব্দ করা আলামত সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন