সিলেট

হবিগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ২

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ ০০:০৬

হবিগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ২

হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।


শনিবার (২৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ এবং একই বিদ্যালয়ের দপ্তরি শামীম রেজা।

মাসুম পারভেজ নেত্রকোনা জেলার আটপাড়া থানার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। শামীম রেজা নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় মাসুমের শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। মাসুম পারভেজ সেখানে তার মেয়েকে দেখতে যাচ্ছিলেন।

পথে ঢাকা-সিলেট মহাসড়কের নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে মাসুম পারভেজ মারা যান। অপরদিকে, শামীম রেজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।

শেরপুর হাইওয়ে থানার (ওসি) মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

সিলেট থেকে আরো পড়ুন