সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতার ২৬ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
অভিযানকালে পুলিশের সদস্যরা ৪৮ বোতল বিদেশি মদ ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করেন।
এদিকে, মহানগর ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সর্বমোট ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১০৬টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন