সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় আম ও কিউই ফল জব্দ করেছে থানা পুলিশ। এ সময় জামিল আহমদ শাবেল (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী ফল মার্কেটের গলির মুখে সাজ্জাদ মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) মো. মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় আটক জামিল আহমদ শাবেলের হেফাজত থেকে ৪২০ কেজি ভারতীয় আম এবং ৫২ কেজি ভারতীয় কিউই ফল জব্দ করা হয়। জব্দকৃত ফলের আনুমানিক মোট মূল্য ১ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।
আটক জামিল আহমদ শাবেল সিলেটের গোয়াইনঘাট থানার লাকেরপাড়, আসামপাড়া এলাকার বাসিন্দা। তিনি আসাব আলীর ছেলে।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন