সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২০ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় চকলেটসহ একটি টয়োটা কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. ফারুক মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটের দিকে জালালাবাদ থানাধীন বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করছিল মহানগর গোয়েন্দা পুলিশ।
এ সময় শিবের বাজার থেকে সিলেট শহরের দিকে আসা একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে চালক গাড়িটি রাস্তার পাশে থামান। পরে পুলিশ কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের চকলেট উদ্ধার করে। উদ্ধার করা চকলেটের আনুমানিক মূল্য ২০ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত টয়োটা কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ম ৫১-৭৩২৯।
আটক ফারুক মিয়া নরসিংদী জেলার পলাশ থানার গড়পারা এলাকার বাসিন্দা। তিনি মো. জয়নাল আবেদীনের ছেলে।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা নম্বর-২৭/১৬০, The Special Powers Act, 1974-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন