সিলেট

সিলেটে র‌্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ ১১:২৮

সিলেটে র‌্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জের ইটনায় খেলাধুলাকে কেন্দ্র করে ১৭ বছর বয়সী নাঈম মিয়া হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪-এর যৌথ আভিযানিক দল।

র‌্যাব জানায়, নিহত নাঈম মিয়া কিশোরগঞ্জের ইটনা থানাধীন জয়শিদ্ধি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ৬ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে জয়শিদ্ধি ইউনিয়নের মুদিরগাঁও এলাকায় খেলাধুলাকে কেন্দ্র করে নাঈমের সঙ্গে আসামি মো. আকাশ মিয়ার কথা কাটাকাটি হয়।

এর জেরে আকাশের বাবা মো. গোলাপ মিয়ার নির্দেশে অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে নাঈমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। নাঈমের চিৎকার শুনে তার চাচাতো ভাই আহাদুল হাসান ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে আহতদের প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ইটনা থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৫০৬(২), ১১৪ ও ৩৪ ধারায় এবং পরবর্তীতে ৩০২ ধারা সংযোজন করা হয়।

মামলার পর আসামিদের গ্রেফতারে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সদর কোম্পানি, সিলেট এবং র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জের যৌথ দল সোমবার ( ২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সিলেট মহানগরের শাহপরান থানাধীন পীরেরচক কুশিরগুল খাদিমনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারনামীয় ৩ নম্বর পলাতক আসামি রুকেল মিয়া (২৫)কে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জের ইটনা থানার মুদিরগাঁও এলাকার মো. গোলাপ মিয়ার ছেলে।

এরপর সোমবার ( ২৩ আগস্ট) দিনগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে সিলেট মহানগরের শাহপরান থানাধীন জালালাবাদ ক্যান্টনমেন্টের বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. গোলাপ মিয়া (৫৫)কে গ্রেফতার করা হয়। তিনি মুদিরগাঁও এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নাঈম হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন