সিলেট

সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ ১০:৫৭

সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেট নগরীতে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (২৩ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১টার দিকে নগরীর শাহপরান (রহ.) থানার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, রাতে এলাকার এক ব্যক্তি তাকে ফোন করে জানান, তার বাবাকে কে বা কারা আটকে রেখেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, শাহাব উদ্দিনকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। তার ঘাড়ে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন ছিল এবং শরীর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।

রেদোয়ান বলেন, পরে তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিন দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার এক ছেলে ফ্রান্সে বসবাস করেন। নিহতের স্ত্রী দাবি করেছেন, শাহাব উদ্দিনের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।

ব্যবসায়ী হত্যার বিষয়টি নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সোমবার সকালে বলেন, “এই ঘটনা নিয়ে এখন ব্যস্ত আছি। পরে কথা বলছি।”

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। কমিশনার স্যারও ঘটনাস্থলে যাচ্ছেন। আপাতত আর কোনো আপডেট নেই। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”

এদিকে, নগরীতে সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে গত ১২ আগস্ট সকালে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা ‘নিকুঞ্জ ভিলা’য় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনা ঘটে।

ওই ঘটনায় নিহত হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।

শাহাব উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন