ছবি: সংগৃহীত
গাজীপুরে বিদেশি অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার জাহিদ হাসানকে (১৮) গ্রেফতার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে জেলার জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের আর্টিলারি ক্যাপ্টেন ইফতেখার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত জাহিদ হাসানের বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আর্টিলারি ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, জাহিদ হাসান দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা জয়দেবপুরের বানিয়ারচালা গ্রামের জাহিদ হাসানের বসত বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ শয়নকক্ষ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং পিস্তল সদৃশ একটি খেলনা এয়ার সফট পিস্তল উদ্ধার করা হয়। এসব আগ্নেয়াস্ত্র বিভিন্ন জায়গা থেকে কিনে করে তিনি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্ব করে আসছিলেন। এ ছাড়া জাহিদ হাসান তার নিজের দলে যোগদান করার জন্য বিভিন্ন লোককে অস্ত্র দেখিয়ে হুমকি প্রদান করতেন।
তিনি বলেন, উদ্ধার করা বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিগুলো কোথা থেকে সে সংগ্রহ এবং কী উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখছিল, তার সাথে কারা জড়িত এসব বিষয়ে র্যাব কাজ করছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন