আন্তর্জাতিক

বাবাকে ডেকে এনে স্বামীকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ১৯:২৫

বাবাকে ডেকে এনে স্বামীকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

সন্তানের ওষুধ দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া। এর জেরে বাবার বাড়ির লোকজনকে ডেকে এনে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ভারতের দিল্লির নিহাল বিহার এলাকায় নিজ বাড়িতে নিহত হয়েছেন ৩১ বছর বয়সী সফটওয়্যার প্রকৌশলী বিনয় গুপ্তা।

ভারতের সংবাদমাধ্যম জিনিউজ বাংলায় প্রকাশিত খবরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

নিহতের স্ত্রী রেখা এবং তার বাবার বাড়ির সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে বিনয়ের স্ত্রী, তার দুই ভাই ও এক বউদিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ জানিয়েছে, প্রায় সাড়ে তিন বছর আগে রেখার সঙ্গে বিনয়ের বিয়ে হয়। তাদের চার মাস বয়সী যমজ সন্তান রয়েছে। বিনয় নয়ডার একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তার বার্ষিক বেতন ছিল প্রায় ৬০ লাখ টাকা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই বিনয় ও রেখার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শনিবার সকালে এক সন্তানের ওষুধ দেওয়া নিয়ে দুজনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। একপর্যায়ে বিনয় জোরে কথা বললে রেগে যান রেখা। এরপর তিনি বাবার বাড়িতে ফোন করে ঘর থেকে বেরিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, প্রায় ১০ মিনিট পর নিজের দুই ভাই, এক জামাই, বাবা, কাকা ও আরও এক আত্মীয়কে নিয়ে বাড়িতে ফিরে আসেন রেখা। ঘরে ঢুকেই তারা বিনয়ের ওপর হামলা চালান বলে অভিযোগ।

ওই সময় বিনয়ের মা অতিথিদের জন্য পানি আনতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি ছেলেকে ঘিরে ধরে কয়েকজনকে মারধর করতে দেখেন। বাধা দিতে গেলে তাকেও সরিয়ে দেওয়া হয় বলে পরিবারের দাবি।

নিহতের পরিবারের অভিযোগ, বিনয়কে শ্বাসরোধ করার পাশাপাশি তার বুকে লাথি ও কিল-ঘুষি মারা হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে এক প্রতিবেশী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হামলার আগে রেখা ঘরের সব নজরদারি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে বাড়ির বাইরের নজরদারি ক্যামেরার ফুটেজে রেখা ও তাঁর পরিবারের সদস্যদের একটি গাড়িতে করে ওই এলাকায় আসতে দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে।

বিনয় ও তার স্ত্রী বাড়ির তৃতীয় তলায় থাকতেন। নিচতলায় থাকতেন বিনয়ের মা-বাবা। পরিবারের দাবি, রেখার সঙ্গে বিনয়ের মায়েরও প্রায়ই ঝগড়া হতো। এমনকি রেখার এক ভাই ছোটখাটো বিরোধের জেরে বিনয়কে একাধিকবার হত্যার হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেছে পরিবার।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে ফরেনসিক দলও ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলা করা হয়েছে। ইতোমধ্যে বিনয়ের স্ত্রী রেখা, তাঁর দুই ভাই ও এক বউদিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন