প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ২৩:৪২
সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিশ্বনাথ থানার এসআই বাবুল সিংহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১৬/১৯/০৮/২০২৬।
মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া সদ্য ঘোষিত উপজেলা কমিটির অন্যান্য নেতাকর্মীদেরও মামলায় আসামি করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়া (২২)কে গ্রেফতার করেছে।
তিনি বিশ্বনাথ পৌর শহরের উত্তর মশুলা (জানাইয়া) গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার নয়ন মিয়াকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের শেখপাড়া গ্রামে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সামনে লামাকাজী-টু-বিশ্বনাথ সড়কে মশাল হাতে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত হয় বলে অভিযোগ করা হয়েছে।
মিছিলের ভিডিও ও স্থিরচিত্র গত ১৭ আগস্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সরকারি কার্যক্রম ব্যাহত, উন্নয়ন কর্মকাণ্ডে বাধা, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও এসব কর্মকাণ্ডে অর্থায়ন এবং অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমে সহযোগিতার সঙ্গে জড়িত।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান মামলা ও একজনকে গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২০ জন ছাড়াও আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন